
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবিরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, যিনি প্রসিকিউশন প্রদান করেন।
জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(৪)(খ) ধারা মোতাবেক বন্দর থানার নূর মোহাম্মদ স্টোর নামক দোকান থেকে ১২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ রোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























