
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা ও ৮০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান টিম।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
অভিযান চালানো হয় ফতুল্লার শিবু মার্কেট, নতুন বাজার এলাকায়। সেখানে পলিথিন বিক্রি ও প্রদর্শনের অভিযোগে ‘আলী স্টোর’ থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা এবং ‘জাহাঙ্গীর স্টোর’ থেকে ১০ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বাজারজাতকরণ, মজুদ ও বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তা চালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(৪)(খ) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।





























