
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকা থেকে ৩০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী করের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(৪)(খ) ধারার আওতায় 'সিদ্দিক স্টোর' নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে পলিথিন বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।





























