
রাজশাহীতে বর্ণিল আয়োজনে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী ও বন্ধু সংগঠনগুলো।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নগরীর বড়কুঠি পদ্মাপাড়ের মুক্তমঞ্চে নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে নববর্ষের এই উৎসব উদযাপিত হয়।
রাজশাহীর লোকনাথ হাই স্কুলের এসএসসি ৭৭ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ ও নৃত্যাশ্রমের শিল্পীবৃন্দ।
শিল্পীদের শৈল্পিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিক্বণের পক্ষ থেকে দর্শকদের মুড়ি, মুড়কি ও বাতাসা দিয়ে আপ্যায়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইকবাল মতিন এবং যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান।
লোকনাথ হাই স্কুল এসএসসি ৭৭ ব্যাচের সদস্য সেরতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সোনিয়া পাল ওলি, আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাসিব পান্না ও অতসী পাল হৃদি।
পদ্মাপাড়ের উন্মুক্ত বাতাসে নতুন বছরকে স্বাগত জানাতে আসা শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।




























