
আব্দুল গফুর, নন্দিগ্রাম( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় উপজেলার নামুট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে “মাসুদ স্টোর” নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে লাইসেন্স ব্যতীত পেট্রোল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগও নিশ্চিত হয়। এ সকল অপরাধের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানের স্বত্বাধিকারী মোঃ মাসুদ (৩৫)কে ২৫ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে বৈধ কাগজপত্র সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।




































