
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নীলা (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছে তার ছোট বোন নীহা (৯)।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে এবং গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে আবদুর রহমান তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দক্ষিণ চরটেকীর ব্রহ্মপুত্র নদে ঘুরতে যান। ঘুরতে গিয়ে একটি ছোট নৌকায় ওঠলে হঠাৎ সেটি ডুবে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বাবা আবদুর রহমান, মা নীপা আক্তার ও মেয়ে নীলাকে পানি থেকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে ছোট বোন নীহা এখনও নিখোঁজ রয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, “নৌকাডুবির ঘটনায় একজন মারা গেছেন এবং একজন এখনও নিখোঁজ। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা ঘটনা স্থলে আছি।”





























