
শেরপুর প্রতিনিধি :
শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য তৈরী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আজ ১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫ টায় দুটি বেকারীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করে। এতে শেরপুর পৌর এলাকার নওহাটার রুহানী কেক গ্যালারী ও মোবারকপুরের অভিজাত বেকারি কে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, বাটারবন, টোস্ট নিমকি সহ নানা ধরনের ফুড আইটেম ইত্যাদি প্রস্তুত করে আসছিলো।
এ ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন ও তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমান আদালত ও যৌথ অভিযানে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
অবৈধ শিল্প কারখানার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।





























