
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া পূর্ব পাড়া আল-ফালাহ জামে মসজিদে ফুরকানিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোড়ল বাড়ি ফুরকানিয়া মাদরাসা ও আতকা পাড়া ফুরকানিয়া মাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাদিকুল ইসলাম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালিয়া পূর্ব পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক মামুন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাদিকুল ইসলাম দিপু বলেন, “এ ধরনের আয়োজন ফুরকানিয়া মাদরাসার শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও আগ্রহী করে তুলবে এবং ইসলামী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করা হলে শিশুদের কোরআন শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মসজিদ পরিচালনা কমিটি, জাগ্রত তরুণ সংঘ, প্রবাসী ও স্থানীয় এলাকাবাসী।






































