
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ছবি সংবলিত একাধিক ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরি এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় সড়কের পাশে স্থাপিত আট থেকে দশটি ব্যানারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বাবু সদর থানায় এবং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার রাতে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই ও নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার নওফল জমির। সংবাদ সম্মেলনে পৌর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, যুবদল নেতা হায়াতুন আলম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, গত রাতে আমাদের দুই উপজেলায় কয়েকটি স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনে ভিন্নমত ও প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু এভাবে ব্যানার পুড়িয়ে দেওয়া গণতন্ত্রের জন্য হুমকি। সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।




























