
রাজশাহী মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনে স্প্রে করার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মশা নিধনের এই বিশেষ কর্মসূচি চলাকালীন প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে চক্রাকারে ফগার স্প্রে করা হবে। পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে এক বেলা করে মোট ১০টি ওয়ার্ডে (২ সাইকেল) এই কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমরা মহানগরীকে আরও উন্নত ও জনগণের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।" নিজেকে সততার সঙ্গে বিলিয়ে দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকারও করেন তিনি।
প্রশাসক আরও বলেন, "নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কর্মসূচি চালু হয়েছে। নগরীতে দীর্ঘদিন ফগার মেশিনের কার্যক্রম বন্ধ ছিল, যা আজ থেকে পুনরায় শুরু হলো। আগামী বর্ষায় যেন জলাবদ্ধতা না হয়, সেজন্য দ্রুতই ড্রেন পরিষ্কারের কাজ শুরু হবে এবং হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।"
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























