
মোঃ রায়হান মাহামুদ,
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ।
বক্তব্যে এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
পিআরএপি ও জিইএসএলএপি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নারী ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান। এছাড়াও সহায়ক হিসেবে ছিলেন ডা. রেজওয়ানা রশিদ এবং পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য আফরোজা বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী ও পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পথ সুগম হবে।




































