
রাজারহাট (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আনিছুর রহমান লিটন।অবহেলিত ও দারিদ্র্যপীড়িত এই জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে উপজেলা পরিষদের ‘প্রশাসক’ হিসেবে দেখার দাবি তুলছেন স্থানীয় সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।সম্প্রতি এক বার্তায় আনিছুর রহমান লিটন উপজেলার বর্তমান পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের প্রিয় রাজারহাট একটি দারিদ্র্যপীড়িত এলাকা। নেতৃত্বের দুর্বলতা এবং জনসম্পৃক্ততার অভাবে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বর্তমান সরকারের মানবিক নীতিকে তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে দক্ষ ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, বিগত ৩৪ বছর ধরে আমি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ যখন সাধারণ মানুষ আমাকে প্রশাসক হিসেবে দেখার ইচ্ছা পোষণ করেন, তখন সেই ভালোবাসা আমাকে পদের চেয়েও বেশি আনন্দ দেয়। আমি মনে করি, রাষ্ট্রীয় দায়িত্ব পেলে জনসেবার এই পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু প্রতিহিংসা কাম্য নয়। আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাইদের সম্মান জানাই। আসুন আমরা একে অপরের প্রতি হিংসা বা গিবত না করে, এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। পদ পাই বা না পাই, আমৃত্যু আমি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। তার এই উদার ও জনহিতকর মানসিকতা বর্তমানে রাজারহাটের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয়দের মতে, আনিছুর রহমান লিটনের মতো অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা দায়িত্ব পেলে রাজারহাটের প্রশাসনিক ও সামাজিক চিত্র বদলে যাবে।




























