
মোঃ রবিউল ইসলাম রাজু রাজারহাট (কুড়িগ্রাম) বিশেষ প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে “রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এনসিপির জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ পবিত্র রমজান মাসের আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, কুড়িগ্রামের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে জেলাটিকে একটি আধুনিক ও উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তোলা হবে এ সময় তিনি আরও বলেন,যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কুড়িগ্রাম থেকে মাদক সংক্রান্ত সকল সমস্যা নির্মূলে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ করেন। বক্তারা রমজানের শিক্ষাকে পাথেয় করে ব্যক্তি ও সমাজ জীবনে পরিবর্তন আনার আহ্বান জানান।




























