
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চালু এবং নবনির্মিত রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত উদ্বোধনের দাবি জানিয়েছে ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদানের মাধ্যমে সংগঠনটি এই দাবি জানায়।
বিএলভি নেতৃবৃন্দ জানান, রামেক হাসপাতালে রহস্যজনকভাবে দীর্ঘদিন ধরে বেসরকারি নার্সিং কলেজের বিএসসি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ বন্ধ রাখা হয়েছে। অথচ দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই সুযোগ বিদ্যমান। এমনকি রামেকেই ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চললেও বিএসসিদের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, যাকে ‘দ্বিচারিতা ও বৈষম্য’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
রোববার দুপুরে অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে গ্র্যাজুয়েট বা বিএসসি নার্সদের চাহিদা ও কদর রয়েছে। রামেক হাসপাতালে বিএসসি শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পেলে একদিকে যেমন রোগীদের সেবার মান বাড়বে, অন্যদিকে সিনিয়র স্টাফ নার্সদের ওপর কাজের চাপ কমবে। শিক্ষার্থীরাও সরকারি হাসপাতালে প্র্যাকটিসের মাধ্যমে দক্ষ হয়ে গড়ে ওঠার সুযোগ পাবেন। সংগঠনটির দাবি, বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তবর্তী সরকারের সময় বারবার দাবি জানানো হলেও রহস্যজনক কারণে এই সমস্যার কোনো সমাধান করা হয়নি।
হাসপাতাল নার্সিং ইন্টার্নশিপের পাশাপাশি রাজশাহী শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক আগে নির্মাণ কাজ শেষ হলেও হাসপাতালটি এখনো চালু হয়নি। ফলে আইসিইউসহ উন্নত চিকিৎসার অভাবে উত্তরাঞ্চলে প্রতিনিয়ত অসুস্থ শিশু মারা যাচ্ছে। বিভাগীয় পর্যায়ে এমন একটি বিশেষায়িত হাসপাতাল বন্ধ পড়ে থাকাকে অগ্রহণযোগ্য বলে মনে করে বিএলভি।
স্মারকলিপিতে তারা আশা প্রকাশ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার এসব সমস্যা সমাধান করে দেশের স্বাস্থ্য খাতের উন্নতি ঘটাবে।
সাক্ষাতকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান শুরুতে ইন্টার্নশিপের বিষয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বিএলভি সভাপতি আমানুল্লাহ আমান আইনি দিকগুলো তুলে ধরলে তিনি সমাধানের আশ্বাস দেন।
দপ্তরে উপস্থিত এক কর্মকর্তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন এবং বিষয়টি দ্রুত সুরাহার ইঙ্গিত দেন। এছাড়া শিশু হাসপাতাল চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।
অন্যদিকে, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনও বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা।





































