
। শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ শিশুরা আজ দিচ্ছে ডাক, সকল শিশু বাল্যবিবাহ থেকে মুক্তি পাক,এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) রায়েন্দা ইউনিয়ন পরিষদে কাজী, ইমাম, সনাতন ধর্মীয় পুরোহিত ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে World Vision Bangladesh এর শরণখোলা এরিয়া প্রোগ্রাম। কর্মশালায় উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ বন্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে রায়েন্দা ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত করতে মসজিদের খুতবা ও মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার পরিকল্পনাও গ্রহণ করা হয়। অনুষ্ঠানে রায়েন্দা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলী আজিম, শরণখোলা এরিয়া প্রোগ্রামের রায়েন্দা ইউনিয়নের সিনিয়র প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রি সহ প্রায় ১৫ জন ইমাম, পুরোহিত ও কাজী অংশগ্রহণ করেন। এ বিষয়ে সিনিয়র প্রোগ্রাম অফিসার আগস্টিন মিস্ত্রি বলেন, World Vision Bangladesh এর উদ্যোগে রায়েন্দা ইউনিয়নের প্রতিটি গ্রামে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পথনাটকসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শরণখোলা এরিয়া প্রোগ্রামের আওতায় চারটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এসব কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের প্রত্যাশা।





























