
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরোপবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চকরিয়া উপজেলা প্রশাসন বাজার তদারকি জোরদার করেছে। এর অংশ হিসেবে ২ মার্চ (সোমবার) মালুমঘাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি এবং কিছু পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগের সত্যতা পাওয়ায় দুই দোকানদারকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়—দোকানে হালনাগাদ মূল্যতালিকা টানাতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, রমজানজুড়ে বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এদিকে, ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে সক্ষম হবেন।





























