
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সেনবাগ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, ভূঁইয়া ট্রেডার্সের মালিকপক্ষের সদস্য ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে তেল সরবরাহ না করে নিজ বাড়িতে বিভিন্ন ড্রামে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছিল।
এ সময় বাড়ির ভেতর থেকে ৪ হাজার লিটার ডিজেল ও ১৫০০ লিটার পেট্রোলসহ মোট সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভূঁইয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তা পর্যায়ে ভোগান্তি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




























