
ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, পুলিশ হলো একটি রাষ্ট্রের দর্পণ। পুলিশকে সবচেয়ে সহযোগিতা করতে পারে মিডিয়া। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে মাদক, জুয়া ও যানজট রোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলমের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও বিভিন্ন পর্যায়ের কর্মতৎপরতা উপস্থাপন করা হয়। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ -সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, জিএইচ হান্নান প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





























