
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল এলাকার কাঁচপুর সেতু–সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরের বালুমাঠে অভিযান চালানো হয়। সেখানে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের। অভিযানে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অপূর্ব (২৪), মো. আক্তার হোসেন (৩৭), মো. হাবিব মিয়া (৩০) ও আ. আউয়াল (৩৫)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জ জেলায়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সাবল, একটি এসএস পাইপ, একটি চাপাতি এবং ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।





























