
নারায়ণগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৪৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আরিফ মিয়া আদালতে মামলা দায়েরের জন্য আবেদন করেন। আদালতের নির্দেশে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন: সাবেক সাংসদ একেএম শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মেম্বার, জামান মিয়া মেম্বার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা হয়। ১ থেকে ১০ নম্বর আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০ নম্বর আসামির উস্কানিতে অন্য আসামিরা গুলিবর্ষণে অংশ নেয়।
গুলিবর্ষণের সময় আরিফ মিয়া গুলিবিদ্ধ হন। তার ডান পায়ের হাঁটুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
চিকিৎসার পর আরিফ মিয়া আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।





























