
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতরা সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা এবং নিহত দিনু বেগমের সৎ সন্তান। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার জন্য আসামিদের থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার ( ১৪ জুলাই) সকাল ১০টার দিকে পারিবারিক পূর্ব বিরোধের জেরে ওই দুই ভাই বাড়ির উঠানে এসে বাদী ও তার মা দিনু বেগমকে গালিগালাজ করেন। গালিগালাজে বাধা দিলে তারা বৃদ্ধাকে এলোপাতাড়ি মারধর করেন এবং বুকে লাথি মারেন। গুরুতর আহত অবস্থায় দিনু বেগমের মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনার পরপরই র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্তের পর গ্রেপ্তার করে।





























