
মোঃ আরিফুল ইসলাম,
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ধর্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার মহানন্দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর বাজার বনিক সমিতির সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন, বাজার মসজিদের ইমাম ফজলুল হক ও খাইরুল হাসান প্রমুখ।
জানা যায়, গত ২৩ মার্চ সখীপুর উপজেলার মহানন্দপুর বাজারে মাহমুদা মডেল মেডিকেল হলের মালিক মনজুরুল বারী মজনু এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ২৪ মার্চ সখিপুর থানায় মামলা দায়ের করেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার না করায় মহানন্দপুর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
মামলার অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ জাকির হোসেন জানান, আমাদের পুলিশ টিম প্রতিদিন আসামিকে ধরার জন্য মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এলাকাবাসীর সহায়তা চাই, আশা করি খুব দ্রুতই আসামি কে গ্রেফতার করতে সক্ষম হবো।





























