
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গত ১৪ এপ্রিল দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন পোর্টালে ধানঘড়া চারমাথা এলাকায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্থানীয় যুব সমাজ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।
জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া চারমাথা এলাকায় “বাবু” নামে এক ব্যক্তি একটি চা দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণদের সেখানে ভিড় করতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চলতে থাকলে আমাদের সন্তানরা বিপথে চলে যাবে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।”
এদিকে, সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সরব হয়েছে এলাকার যুব সমাজ। তারা জানান, “সাংবাদিক কাওছার আহম্মেদের প্রতিবেদন আমাদের নাড়া দিয়েছে। আমরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই আগামী ১৭ এপ্রিল জুম্মার নামাজের পর মানববন্ধনের আয়োজন করা হয়েছে।”
স্থানীয় যুবকদের দাবি, মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা জরুরি। তারা একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জুলফিকার জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এলাকায় মাদকের বিস্তার আরও উদ্বেগজনক আকার ধারণ করতে পারে।

























