
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নাঈম আহম্মেদ পলাশ (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ ইকরাম উজ্জামান ও সঙ্গীয় ফোর্স মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে তল্লাশিকালে “তিশা” পরিবহনের (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৭০) যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সি-৩ সিটে থাকা নাঈম আহম্মেদ পলাশকে আটক করা হয়। তার আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজ হাতে প্যান্টের ডান পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা বের করে দেয়।
গ্রেফতারকৃত নাঈম নড়াইল সদর থানার বাঁশগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লার বুড়িচং থানার উত্তর গ্রাম পূর্বপাড়ায় বসবাস করেন।
আটক নাঈমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





























