
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) আগামী সোমবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব। ইতোমধ্যে কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং-বেরংয়ের বাতি ও বিভিন্ন গ্রামীণ মোটিফ দিয়ে সাজানো হয়েছে। বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে সোমবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হওয়ায় একই সঙ্গে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হবে। ১৯৭৫ সালের ১২ মার্চ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমূখ। উদ্বোধন শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





























