
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম সম্প্রদায়ের একটি অংশ। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় কলাদিয়া গ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে নারীরাও পর্দার সহিত অংশগ্রহণ করেন, যা ছিল ভিন্নধর্মী একটি দৃশ্য। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকে এই গ্রামের একটি ধর্মীয় মতের অনুসারীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সময় মিল রেখে পবিত্র রমজানের রোজা এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত নিয়মের একদিন আগে ঈদ উদযাপন করেছেন। এ বিষয়ে কলাদিয়া গ্রামের বাসিন্দা মোঃ কামাল বলেন, “২০১২ সাল থেকে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছি। এবারও আমাদের গ্রামের শতাধিক মুসল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি।” ঈদের জামাতে ইমামতি করেন ময়মনসিংহের মাওলানা শায়খ আব্দুল্লাহ মাসুম। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এভাবে ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন এই মতের অনুসারীরা।




























