
নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে প্রধান অতিথি ও বক্তারা গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন।
ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. মো. ওয়ালী উল্লাহ বলেন, “রমজান হলো আত্মশুদ্ধির মাস। কুরআনের শিক্ষা অনুশীলন করতে হলে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। চিকিৎসা পেশা শুধু জীবিকা নয়, এটি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। রোগীর কল্যাণের চিন্তার বদলে যদি চিকিৎসকরা নিজেদের স্বার্থকে প্রাধান্য দেন, তাহলে তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে।”
প্রধান আলোচক নারায়ণগঞ্জ ইসলামিক সোসাইটির মাওলানা মঈন উদ্দিন আহমাদও রমজানের গুরুত্ব ও চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন।
নারায়ণগঞ্জ জেলা ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ ফতুল্লা উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে চিকিৎসকরা নিজেদের পেশাগত ও ধর্মীয় দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন বলে উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।





























