
- মোঃ এনামুল হক তালা,সাতক্ষীরা সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজার সংলগ্ন এলাকায় নসিমন (ইঞ্জিন ভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান (মুন্না) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মীর মাহফুজুর রহমান (মুন্না) তালা সদর এলাকার মীর মুজিবুর রহমান'র পুত্র।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মীর মাহফুজুর রহমান (মুন্না) নসিমনের মাধ্যমে একটি কোম্পানির মালামাল সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির মালামাল দিতে আঠারোমাইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে রাখা ইটের খোয়া ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইঞ্জিন ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মুন্না গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।




























