
সাগর হোসেন ফিরোজ
স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় ২ হাজার ৫০০ লিটার তেলসহ একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও চালককে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার নেকমরদ এলাকায় স্থানীয় জনগণ একটি সন্দেহভাজন তেলবাহী গাড়ি আটক করে। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা পরিবহনের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম নেকমরদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় ভরনিয়া হাট এলাকার আব্দুল খালেকের ছেলে ব্যবসায়ী আসাদুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই আইনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেন আলীর ছেলে গাড়িচালক মো. রঞ্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলসহ দুইজনকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন আরও জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























