
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তরধানঘড়া গ্রামে মাদকবিরোধী সচেতনতা এখন এক সামাজিক আন্দোলনে রূপ নিতে শুরু করেছে। সাম্প্রতিক মাদকবিরোধী সংবাদ প্রচারের পর স্থানীয় যুব সমাজ নিজ উদ্যোগে মাঠে নেমে পড়েছে। গাইবান্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অফিসের সহযোগিতায় গ্রামের বিভিন্ন ছোট ছোট বাজারে পরিচালিত হচ্ছে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।
গ্রামের তরুণদের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে অংশ নেন শরিফ, রাকিব, মিনহাজ, বেলাল, জিতু, কামরুল, তুষার, সাইফ, রাসেল, সাকিব, মনির ও মাহিনসহ একঝাঁক উদ্যমী যুবক। তারা দলবদ্ধভাবে বাজারে বাজারে ঘুরে সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলেন। একই সঙ্গে তারা সবাইকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে যুগোপযোগী ও সময়োপযোগী উল্লেখ করে বলেন, “মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। এমন উদ্যোগ তরুণদের ইতিবাচক চিন্তা ও দায়িত্ববোধের পরিচয় দেয়, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “বাজারভিত্তিক এই প্রচারণা খুবই কার্যকর। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমরা চাই, এই কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকুক।
গাইবান্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ অপরিহার্য। উত্তরধানঘড়ার তরুণরা যে উদাহরণ সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে অন্যান্য এলাকাকে অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, “তরুণদের এই সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদ সবসময় তাদের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
সচেতন মহলের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও তরুণ সমাজ একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গঠন আর দূরের স্বপ্ন নয়—বরং বাস্তবতার পথে এগিয়ে চলা একটি দৃঢ় প্রত্যয়।




























