
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
“কার্ডধারীদের বরাদ্দ চাল বিতরণে অনিয়ম” শিরোনামে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রকাশিত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ভিজিএফের কার্ড গ্রহণের বিষয়টিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর বাজারের একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার রুবেল, যিনি বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত সোমবার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে দুস্থদের মধ্যে সরকার বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। এর একদিন আগে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়। তবে চাল বিতরণের দিন দুপুরের মধ্যেই বরাদ্দকৃত চাল শেষ হয়ে গেলে অনেক কার্ডধারী চাল না পেয়ে ফিরে যান।
বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, ওইদিন বিকেলে অর্ধশতাধিক কার্ডধারী চাল না পেয়ে বিতরণস্থল মোহাম্মদ আলীপুর থেকে বংশীকুন্ডা বাজারে এসে তাদের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে প্যানেল চেয়ারম্যান একটি পত্রিকায় তাদের বিরুদ্ধে ৩৫০টি কার্ড নেওয়ার অভিযোগ তোলেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের নাম জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলেন, প্যানেল চেয়ারম্যান বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।
বিএনপি নেতৃবৃন্দ এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকদের আরও সতর্কতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।




























