
নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর চরম যানজট পরিস্থিতি নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে জরুরি নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর এই আহ্বান জানান তিনি।
চিঠিতে গিয়াসউদ্দিন উল্লেখ করেন, “নারায়ণগঞ্জে দেশের ৬৩ জেলার মানুষ বসবাস করছেন। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগের কারণে বসতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ফলে বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা শহরের ট্রাফিক ব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।”
তিনি আরও বলেন, এসব যানবাহনের অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত চলাচলের ফলে শহর থেকে শুরু করে শহরতলী পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হচ্ছে, যা প্রতিদিন সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
চিঠিতে গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বিষয়টির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “লাখো মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।”
চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), এবং বিআরটিএ’র নারায়ণগঞ্জ সহকারী পরিচালক বরাবরও প্রেরণ করা হয়েছে।





























