
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়। রোববার (১ মার্চ) বিকেল পাঁচটার দিকে ফতুল্লা থানার পাগলা মুন্সিখোলা সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল মোমিন (৩৫) ও মো. মাসুদ রানা (৩৫)। তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল (চাবিসহ) এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আব্দুল মোমিনের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাডা পূর্বপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল রাজ্জাক এবং মাসুদ রানার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সতরদী এলাকায়। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাডা পূর্বপাড়ায় বসবাস করেন।





























