
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধরতে এগিয়ে যান। এতে ছিনতাইকারী দলের দুইজন দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





























