
নারায়ণগঞ্জে মাঠপর্যায়ের সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। সংগঠনটির উদ্যোগে এবং হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রায় অর্ধশত সাংবাদিকের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় আবেদীন ভিলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, রমজান মাস ইবাদত ও সহমর্মিতার মাস। এ সময়ে মাঠপর্যায়ের সাংবাদিকদের কথা ভেবে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগ নেন, তবে সমষ্টিগতভাবে সাংবাদিকদের জন্য এমন উদ্যোগ খুব কম দেখা যায়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকদের সুখ–দুঃখে পাশে দাঁড়িয়ে আসন্ন ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ও ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও তারা মত দেন।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব ও হযরত ওয়ায়েজ করুনী (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দর, কাজী আনিসুল হক হীরা, মো. শহিদুল ইসলাম টিটু, মো. আসলাম মিয়া, শাহিন আহমেদ, মনির হোসেন ও শেখ জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





























