
স্টাফ রিপোর্টার:
তাহিরপুরের শান্ত গ্রামাঞ্চলে আবারও মাদকের অন্ধকার জাল ছিন্ন করল পুলিশ। গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে কথিত মাদক সম্রাট জানু মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট,বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি,একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত (৯ মার্চ) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সুনামগঞ্জ পুলিশ সুপার,সুনামগঞ্জের নির্দেশনায় এবং তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই মো.নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ঘটনাস্থল থেকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রাম থেকে শফিক মিয়ার ছেলে কথিত মাদক সম্রাট জানু মিয়া (৩৫)কে গ্রেফতার করে। এছাড়াও মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন(২৬)এবং উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ(২৫)ও কুতুবউদ্দিনের ছেলে বাদশা মিয়া(২৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট,১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাছিরুদ্দিন বিড়ি,একটি ১০০ সিসি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ মার্চ ২০২৬; ধারা ২৫বি(১)(খ) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল ০১৭২৫৭২৪৬০০





























