
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) মাহমুদপুর ইউনিয়নের কল্যন্দী মোল্লাপাড়া জামে মসজিদের সামনে আয়োজিত ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।
জামায়াতের আড়াইহাজার উপজেলার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ করেন, মাহমুদপুর ইউনিয়ন শাখার আয়োজিত ইফতার মাহফিল শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিএনপির নেতা-কর্মীরা এসে প্যান্ডেল খুলে নেওয়ার নির্দেশ দেন। এতে আতঙ্কিত হয়ে উপস্থিত লোকজন চলে যায়।
জামায়াত নেতাদের দাবি, এর আগেও বিএনপি নেতাকর্মীরা তাদের ইফতার আয়োজন বাধাগ্রস্ত করেছে। এ ঘটনায় স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে বলে জানান জামায়াত নেতারা।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং তদন্ত করে দেখবেন।
ইফতার মাহফিলের প্যান্ডেল খুলে দেওয়ার পর জামায়াত নেতাকর্মীরা মসজিদের ভেতরে সংক্ষিপ্ত পরিসরে ইফতার সম্পন্ন করেন।





























