
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. দিপু (৩২) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, অভিযানের সময় দিপুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি এবং কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার দিপু বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বন্দর থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র, একটি হত্যা, আটটি হত্যা চেষ্টা, একটি ডাকাতি, একটি অপহরণ, তিনটি চাঁদাবাজি ও দুটি মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ও আশপাশের এলাকায় দিপু দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নতুন স্থাপনা নির্মাণ, নদীপথে পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িতদের কাছ থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা আদায় এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে রেখে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রির একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব জানায়, দিপু ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গ্রেপ্তার দিপুর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





























