
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: নাটোরে যাত্রীবাহী বাসে স্কুল ব্যাগে গাঁজা পাচারকালে দু'জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর সদর থানাধীন ভাটোদারা পুরাতন হাসিনা হলের সামনে বগুড়া-নাটোর গামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন লতিফপুর কলোনী এলাকার আমজাদ হোসেনের ছেলে সাকিার হোসেন (২৩) ও নাটোর জেলার
গুরুদাসপুর থানাধীন চাপিলা ইউপির কান্দাইল চৌদ্দমাথা গ্রামের আনসার আলী শেখের ছেলে রনি আহম্মেদ (২৮)।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর সদর থানাধীন ভাটোদারা পুরাতন হাসিনা হলের সামনে বগুড়া- নাটোর গামী মহাসড়কে এ্যানী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে।
এসময় বাসটির ভিতরে থাকা দুই ব্যক্তির তল্লাশি শুরু করে ডিএনসির চৌকস দলটি তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতরে থাকা পলিথিন স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটা পোটলা থেকে গাঁজা উদ্ধার করে।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।





























