
মোঃ রাসেল রানা মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার এক মাদক কারবারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৪ জুন) সকালে গ্রেপ্তারকৃত মোঃ রইচ উদ্দিন (৫০) কে মেলান্দহ থানা পুলিশ আদালতে পাঠালে আইনী প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রইচ উদ্দিন (৫০) উপজেলার চর সগুনা এলাকার এলাকার মোঃ লোকমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চর সগুনা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে-টা দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তারকৃত রইচ দৌড়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশী করে প্লাষ্টিকের বাজার ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা যার আনুমানিক ১২ মূল্য হাজার জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযান চালানো উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
রাজু আহাম্মদ বলেন, ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





























