
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণকারী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ (ক) ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
অভিযানে ফতুল্লার তালতলা এলাকার সালাল স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস লি.-কে ২ লাখ টাকা, পাগলার রসুলপুর এলাকার চাকদা স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস লি.-কে ২ লাখ টাকা এবং নন্দলালপুর এলাকার সুমা স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস লি.–কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।





























