
তিন মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে চুরির অপবাদ দিয়ে এক নারী শ্রমিককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া হাজী আম্বিয়া খাতুন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুমি আক্তার আয়শা (২৫) সাতক্ষীরার আশাশুনির বড়দল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন—প্রতিতী ট্রেড এজেন্সির মালিক হান্নান খান (৪০) ও তার সহযোগী রাসেল (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, তিন মাস আগে রুমি আক্তার অভিযুক্ত হান্নান খানের গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যোগ দেন। নিয়মিত কাজ করলেও তিনি বেতন পাচ্ছিলেন না। একাধিকবার পাওনা টাকা চাইলে হান্নান খান তাকে কুপ্রস্তাব দেন।
এরপর ১৮ মার্চ সকালে বকেয়া বেতন চাইতে গেলে হান্নান খান মিথ্যা চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে রুমিকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় তার স্বর্ণের গহনা ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
রুমি আক্তারের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
হান্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় থাকার কথা জানিয়ে বিস্তারিত পরে বলবেন বলে মন্তব্য করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "ওই নারী শ্রমিক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"





























