
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণের দায়ে ৭টি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়।
বুধবার (২১ মে) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং সদর থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এই জরিমানা ও জব্দ কার্যক্রম পরিচালনা করা হয়। অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে প্রসিউকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দ ও অন্যান্য দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।





























