
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী অক্সফোর্ড কলেজে মো. মাহমুদুল হাসান রুমি প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার কলেজ প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের পরিচালক বি.জি রশিদ নওশেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। তাঁরা তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান রুমির দূরদর্শী নেতৃত্বে নরসিংদী অক্সফোর্ড কলেজ দ্রুত জেলা ও দেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজে পরিণত হবে।উল্লেখ্য, মো. মাহমুদুল হাসান শিক্ষা ক্ষেত্রে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল ও নিবেদিত শিক্ষাপ্রশাসক। তিনি নরসিংদী মডেল কলেজ এবং নরসিংদী সিটি কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন এবং সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে।বক্তব্যে তিনি জানান, আজ থেকে দুই দশক আগে তৎকালীন প্রিন্সিপাল এম হানিফা ও কয়েকজন শিক্ষকের সঙ্গে মিলে তিনি ‘স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে নরসিংদী অক্সফোর্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, নানা প্রতিষ্ঠানের প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি এই কলেজকে বেছে নিয়েছেন, কারণ এটি তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।নতুন দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, কলেজটি পরিচালিত হবে “গ্লোবাল ভিশন, লোকাল ভ্যালুজ” এই মূলনীতিতে, যেখানে শিক্ষার্থীরা একজন ভালো মানুষ ও দক্ষ বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি তাঁর বক্তব্য শেষ করেন একটি অনুপ্রেরণামূলক বার্তায়: “আকাশই সীমা, আর সাফল্য হলো এক যাত্রাপথ, কোনো গন্তব্য নয়।”কলেজের ইংরেজি শিক্ষিকা পাপিয়া সুলতানা রুমি ও পরিচালক রুহুল আমিনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম হানিফা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল মিয়া সহ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শুভানুধ্যায়ী ও নরসিংদী অক্সফোর্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।





























