
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান ইন্তেকাল করেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৯ আগস্ট) স্ট্রোক জনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার বাদ এশা উপজেলা গাড়াজান ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় ঈদগাহ মাঠ সংলগ্ন গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি গত ২০২০ ইং সালের আগস্ট মাসে বিধি মোতাবেক চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মরহুম মোহাম্মদ আলী খান গাড়াজান গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি গাড়াজান বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তার পিতার নাম মরহুম হোসেন আলী খান। মাতব্বর শ্রেণীর এই ব্যাক্তি এলাকায় বিভিন্ন সালিস ও দরকারে বিচারকের ভূমিকা পালন করতেন। মোহাম্মদ আলী খান এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
মোহাম্মদ আলী খানের মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, পুটিজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার, পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল ও গাড়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রীতা রাণী সরকার। সাবেক শিক্ষক বাবুর আলী, রফিকুল ইসলাম সুরুজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























