
সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির তত্ত্বাবধায়ককে বেঁধে রেখে ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার রাত আটটায় উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল আক্তার দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমুল হুদা শিক্ষকতার পাশাপাশি পোল্ট্রি খাদ্য ও ওষুধের ব্যবসাও করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শিক্ষক নাজমুলের বাবা তারাবির নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যান। বাবা বয়ঃ বৃদ্ধ হওয়ায় তার মাও উনার সাথে যান। এ সময় তত্ত্বাবধায়ক একা বাড়িতে ছিলেন এই সুযোগে রাত আটটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে তত্ত্বাবধায়ককে খুটির সাথে বেঁধে রেখে ঘরের দরজা ভেঙে, ভেতরে প্রবেশ করে প্রায় দুই লক্ষ নগদ টাকা, তিন-চার ভরি স্বর্ণালংকার লুট করে এবং ঘরে থাকা ওয়ারড্রব, আলমারি, সুকেছ সবকিছুর তালা ভেঙে লন্ডভন্ড করে। ৩০-৪০ মিনিটব্যাপী তাদের এই তাণ্ডব চলে। ডাকাতরা নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ডাকাতির ঘটনা ঘোষণা হওয়ার পর এলাকার লোকজন এগিয়ে আসে। এ ঘটনায় শিক্ষক নাজমুল হুদা বাদী হয়ে সখীপুর থানায় ডাকাতি মামলা করেছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মুহাঃ শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।





























