
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ টহল পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী এই কার্যক্রমে অংশ নেয়।
টহল চলাকালে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ০৬, ০৭ ভঙ্গের অপরাধে বিধি ২৭ অনুযায়ী নবীপুর পূর্ব ইউনিয়নে অনুমতি ব্যতীত জনসভা করায় মো: আলামিন নামের এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা এবং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে রঙিন পোস্টার ব্যবহার করায় মো: রায়হান নামের এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় যৌথবাহিনী উপজেলার মুরাদনগর বাজার, নবীপুর বাজার, কোম্পানিগঞ্জ বাজার, বাঙ্গরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়। পাশাপাশি স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করা হয় এবং সকলকে নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালে শান্তি-শৃঙ্খলা ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।





























