
মনির হোসেন সুমন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় জামশেদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকার মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। গ্রেপ্তার জামশেদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামী আজমেরী ওসমানের গাড়ির চালক ছিল। ২০১৩ সালের ৬মার্চ ত্বকী হত্যাকান্ডের পর র্যাব একবার জামশেদকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। গ্রেপ্তার জামশেদ নড়াইলের লোহাগড়া উপজেলার প্রয়াত আবু জাফর শেখের ছেলে।
ত্বকীর বাবা রফিউর রাব্বির দাবি, ত্বকীকে হত্যার পর আজমেরী ওসমানের যে জীপ গাড়িতে করে লাশ শীতলক্ষ্যা নদীর খালে ফেলা হয়; জামশেদ ওই গাড়ির চালক ছিল। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।
ত্বকী হত্যার ১ বছর পর র্যাব ওই মামলায় খসড়া অভিযোগপত্র তৈরী করলেও রহস্যজনক কারণে সেটি আর আদালতে জমা দেওয়া হয়নি। সাড়ে ১৩ বছর পর এখন ত্বকী হত্যা মামলা নিয়ে সরব হয়েছে র্যাব। ত্বকী হত্যার ঘটনায় গত রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্তমানে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নগরীর শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। ২ দিন পর ৮মার্চ নিজ বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।





























