
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বিতর্কিত বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
১০ জুন মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, গত ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জোবাইরুল আলম মানিকের দেওয়া বক্তব্য "আপত্তিকর ও অসাংগঠনিক" ছিল। বক্তব্যে তিনি বলেছিলেন,বাংলাদেশে এখন যদি বড় মাফিয়া থাকে, তাহলে আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এনসিপির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে এবং দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির মতে, এমন বক্তব্য পার্টির নীতি-আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
চিঠিতে বলা হয়,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন (০৩) দিনের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব আব্দুল্লাহ আল-আমিনের নিকট প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো।”
এ ঘটনায় দলের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা।





























