
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আড়াইহাজার প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফউদ্দিন এবং উপপরিদর্শক (এসআই) মাযহারুল ইসলাম।
সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, বাদল আহমেদ, জিয়াউর রহমান, আল-আমিন ভূইয়া, মনিরুজ্জামান সরকার, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ এবং জাইদুল হক প্রমুখ।
সভায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, “সাংবাদিক ও প্রশাসনের মধ্যে আন্তরিকতা থাকলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়।” তিনি সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “আমার দরজা সবার জন্য উন্মুক্ত। সকলের সহযোগিতায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবো।”
সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়েও আলোচনা করেন।





























